দেশজুড়ে

পেকুয়ায় ৫ চিংড়ি ঘেরে ডাকাতি : গুলিবিদ্ধ ৮

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়ায় ৫টি চিংড়ি ঘেরে গণডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ডাকাত দলের ছোঁড়া গুলিতে চিংড়ি ঘেরের ৮ কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। অব্যাহত গুলির শব্দে করিয়ারদিয়াসহ আশপাশের এলাকায় ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন করিয়ারদিয়া পুরাতন ঘোনা এলাকার আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ (২৭), একই এলাকার নুরুচ্ছফার ছেলে মো. রুবেল (২৩), নুরুল আলমের ছেলে আবুল কাসেম (৩২), বাদশাহর ছেলে রুবেল (৩০), আব্দুল গফ্ফারের ছেলে সোলায়মান (২৫), জামাল উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৩৮), শাহ আলম (৩৫) ও মৃত ছৈয়দ আহমদের ছেলে সোলতান আহমদ (৩৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।স্থানীয় সূত্র জানায়, করিয়ারদিয়া পুরাতন ঘোনা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এ সময় এলাকার সাবেক ইউপি সদস্য সিরাজুল মোস্তফার যৌথ মালিকানাধীন মৎস্যঘের থেকে নগদ টাকা, মাছ, বিহিন্দি জাল, সৌর বিদ্যুতের সরঞ্জামাদি, মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকা লুট করে। এ সময় ঘেরের কর্মচারীরা ডাকাতদলকে প্রতিরোধ করার চেষ্টা করলে তারা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ৮ জন গুলিবিদ্ধ হন।একইভাবে বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়ার দুর্গম এলাকায় শাহাব উদ্দিনের মালিকানাধীন লম্বা হাসের ঘোনা মৎস্যঘের, ধারাঘোনা আবুল কাসেমের মৎস্যঘের, পুরাতন ঘোনায় সোলতানের মৎস্যঘেরসহ অপর ৪টি ঘেরে ডাকাতদল হানা দেয়। ওই সময় প্রত্যেক চিংড়ি ঘের থেকে বিপুল পরিমাণ মাছ, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।ঘের মালিক সাবেক ইউপি সদস্য সিরাজুল মোস্তফা, শাহাব উদ্দিন, জিয়াবুল হক জিকু জানান, রাত সাড়ে ১০টার দিকে ১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাত করিয়ারদিয়ায় মৎস্যঘেরে হানা দেয়। তারা ৫টি ঘেরে গণডাকাতি সংঘটিত করে। এ সময় প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলি চালায়। ডাকাতদের গুলিতে ঘেরের ৮ জন কর্মচারী গুলিবিদ্ধ হয়।তাদের মতে, মহেশখালীর মাতারবাড়ির খন্দারবিল এলাকার লেডু ডাকাত, দক্ষিণ রাজঘাটের হরি ডাকাত, বকশু ডাকাত, নাজু ডাকাত, আহমদ করিম ও চকরিয়ার বদরখালীর আলমগীর ডাকাতসহ পেশাদার ডাকাতরা করিয়ারদিয়ায় এ ডাকাতির ঘটনা ঘটায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন ক্ষতিগ্রস্তরা।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া জানান, ঘটনার পরপরই মুঠোফোনে সাবেক ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বিষয়টি জানিয়েছিলেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।সায়ীদ আলমগীর/বিএ