দেশজুড়ে

যশোরে অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

যশোরের নওয়াপাড়ায় ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজপথ ও রেলপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে।বুধবার দুপুর ১২টার দিকে যশোরের নওয়াপাড়া পশু হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এতে কর্মসূচিতে অংশগ্রহণকারী অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা বৈকুণ্ঠ বিহারী রায়, শচীন মণ্ডল, বিষ্ণু বিশ্বাস, রাজু আহমেদ, ইন্তাজ আলী ইনু, শরিফ উদ্দিন, বাহারুল ইসলা ও কিশোর অধিকারীসহ অন্তত ৫০ জন।আন্দোলনকারীরা জানান, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নওয়াপাড়ার পশু হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি বক্তৃতা চলছিল। এসময় পুলিশ এসে অবস্থানকারীদের উপর লাঠিচার্জ শুরু করে। এতে ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় অবস্থান কর্মসূচি।ভবদহ অঞ্চলের তিন লক্ষাধিক মানুষ প্রায় দুইমাস যাবৎ জলাবদ্ধতায় রয়েছে। জলাবদ্ধতা নিরসনে ভবদহ অঞ্চলের মানুষ দাবি জানিয়ে আসছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়। তারপরও পানি নিষ্কাশনে ব্যবস্থা না নেওয়ায় রাজপথ ও রেলপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী জানান, পুলিশের লাঠিচার্জে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি ভেস্তে গেছে। পুলিশ রাস্তায় জড়ো হতে দেয়নি বিক্ষুব্ধ মানুষকে। পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে বলেন, আন্দোলনকারীরা জড়ো হলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।মিলন রহমান/এফএ/আরআইপি