নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, ‘নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়, সে জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।’
রোববার (৮ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্গম চরাঞ্চলের জন্য আমাদের নিজস্ব জলযানের পাশাপাশি স্থানীয়ভাবে জলযানের ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সহযোগিতা করতে হেলিকপ্টার প্রস্তুত রেখেছে। আমাদেরও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা-পরবর্তী সময়েও যাতে আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ না হয়, সে জন্য আমরা সবাই মিলে প্রস্তুত থাকবো।
নৌবাহিনীর প্রধান বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আপনারা এ যাবৎকাল যেভাবে দায়িত্বশীল ও সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের সহায়তা করেছেন, একইভাবে নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়েও আমাদের সহযোগিতা দেওয়া করবেন।
এ সময় ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ বিজিবি ও র্যাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম