দেশজুড়ে

শার্শায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে শার্শার নাভারণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিল্লাল শার্শার কাঠুপাড়া এলাকার সফিকুলের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, সকাল ৯টার দিকে বিল্লাল মোটরসাইকেলযোগে শার্শার দিকে যাচ্ছিল। এ সময় নাভারণ বাজারের কাছে আসলে পেছন থেকে একটি পিকআাপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পিকআপভ্যানটি তার শরীরের উপর দিয়ে উঠে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নাভারণ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। জামাল হোসেন/এসএস/এমএস