দেশজুড়ে

যশোরে ট্রাকচালকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছার গদখালীতে ট্রাকচালক আলমগীর হোসেনের (২৮) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গদখালী বাজারের অদূরে গদখালী-শরীফপুর রাস্তার ধারে মরদেহটি পড়ে ছিল। নিহত আলমগীর শরীফপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গদখালী কালীবাড়ি বালুর উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করে। আলমগীরের মাথা ও গলায় দুইটি গুলি করা হয়েছে। ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ৫ দিন আগে ১৩ অক্টোবর গদখালী বাজারে সন্ত্রাসী হামলায় গদখালী ইউপি সদস্য রাহাজ্জান হত্যার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, সোমবার রাতে গদখালী-শরীফপুর রাস্তার ধারে দুইপক্ষের গোলাগুলিতে আলমগীর মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি ওয়ান শুটারগান পাওয়া যায় বলে দাবি ওসির। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। মিলন রহমান/এসএস/পিআর