যশোরের বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১১ নারী ৭ শিশুসহ ৪৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। আটকদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইল, বরিশাল, বাগেরহাট জেলার বিভিন্ন থানা এলাকায়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ ওয়াফি জানান, কাজের সন্ধানে, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে সীমান্তের অবৈধ পথে এরা বিভিন্ন সময়ে ভারতে যায়। বৃহস্পতিবার ভোরে দালালের মাধ্যমে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে আটক হয় তাদের। বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা এদের ফেলে রেখে পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে আটকদের যশোর আদালতে পাঠানো হবে। 49 Bangladeshi detained on border জামাল হোসেন/এসএস/আরআইপি