দেশজুড়ে

ফতুল্লায় জনতা লীগ নেতার মৃত্যুর ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুরে জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির হোসেন (৩৯) হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে নিহত মনিরের স্ত্রী পারভীন বেগম মেঘলা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।মামলায় আসামি করা হয়েছে সন্ত্রাসী মীরুর বড় ভাই আলমগীর, শাকিল, জনিসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনকে।জানা গেছে, পাগলা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মীর হোসেন মীরু বাহিনীর সঙ্গে মনিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি পাগলা রসুলপুর এলাকায় ডিশ ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় লিটন ও মীর হোসেন মীরু গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় লিটনের পক্ষে মনির হোসেন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মীরুর ভাগিনার পরিচালিত শাকিল ক্যাবল টিভি নেটওয়ার্ক নামে ডিশ ব্যবসার অফিস ভাঙচুর করা হয়। এতে লিটনসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মীরু বাহিনীর এক সদস্য বাদী হয়ে মনির হোসেনসহ ১০ জনের নামে মামলা করেন। এর আগে মীরুর নেতৃত্বে সন্ত্রাসীরা ছাত্রলীগের কয়েকজনকে কুপিয়ে আহত করার ঘটনায় মীরুকে পুলিশ গ্রেফতারও করে। সন্ত্রাসী মীরুর বিরুদ্ধে হত্যাসহ ডজন খানেক মামলা রয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন মামলার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীরা যত বড় শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। আর মনিরের হত্যাকাণ্ডের যারাই জড়িত রয়েছে তাদের কারেন্ট জালের মতো আটক করা হবে। শাহাদাত হোসেন/এসএস/আরআইপি