বরিশাল-৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা চাচ্ছি একটা ভালো নির্বাচন হোক। ভয়মুক্তভাবে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিক। এটাই আমাদের চাওয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জের কলেজগেট এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করে বলেন, বাবুগঞ্জের মাধবপাশা এলাকার একটি ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের স্লিপ দেওয়ার জন্য তার ‘ঈগল’ মার্কার একটি নির্বাচনি টেবিল বা বুথ বসানো হয়েছিল। তবে বিএনপির একদল নেতাকর্মী এসে সেই টেবিলটি জোরপূর্বক উঠিয়ে দিয়েছেন।
তিনি দাবি করেন, ভোটারদের মধ্যে ভীতি ছড়াতেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসময় তার সঙ্গে জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বরিশালে মোট ৮৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২৫৫ ও গুরুত্বপূর্ণ ২৩৬টি আর সাধারণ ৩৪২টি। এসব ভোটকেন্দ্রের সেনাবাহিনীর প্রায় ১৫শ সদস্য, পুলিশের ২ হাজার ৬৬৭ সদস্য, ১৪ প্লাটুন বিজিবি, ৬০ জনসহ ১টি জাহাজসহ নৌবাহিনী ৫টি ইউনিট কাজ করছে। এছাড়া ১৫০ জন কোস্টগার্ড ও ১০ হাজার ৮২৯ জন আনসার সদস্য ভোটের মাঠে কাজ করছে।
উল্লেখ, বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বরিশালের ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮ জন আর পুরুষ ভোটার ১১ লাখ ৫৮ হাজার ২২০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভােটার আছে ২০ জন।
শাওন খান/কেএইচকে/এএসএম