গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ভাঙচুর করেছে ছাত্রলীগ। এ ঘটনায় সম্মেলনের দ্বিতীয় পর্ব কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সকাল ১০টার দিকে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাড. আকম মোজাম্মেল হক। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। বিকেল ৩টার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়। পরে দুপুরের খাবারের বিরতি দেয়া হয়। বিকেল ৪টার দিকে দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর কথা। এর জন্য মঞ্চের প্রস্তুতি পর্ব চলছিল। এসময় মঞ্চে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীদের মঞ্চ খালি করার কথা বলা হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চত্যাগও করেন। এর কিছু সময় পর একদল উ-শৃঙ্খল কর্মী সম্মেলন স্থলে প্রবেশ করে চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, ব্যানার, ফেস্টুন ব্যাপক ভাঙচুর করে। এসময় পুরো মিলনায়তন জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটাছুটি শুরু করে। অনেকে আতঙ্কে সম্মেলন স্থল ত্যাগ করে রাস্তায় গিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে আসেন।এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান জানান, প্রথম অধিবেশনের পর মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার কথা ছিল। কারো পক্ষে প্রভাবিত হয়ে কমিটি ঘোষণা বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে। তিনি আরো জানান, এখন গাজীপুর মহানগর আওয়ামী মহিলা লীগের কোনো কমিটি নেই। ঢাকায় ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।জয়দেবপুর থানা পুলিশের ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সম্মেলনে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আকম মোজাম্মেল হক।আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি