বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান ওরফে বদলী মান্নানকে একটি বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মান্নান আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে শহিদুল্লাহ ও বাবুল নামে আরো দুইজন বিএনপি নেতা আত্মসমর্পণ করলে তাদেরকেও কারাগারে পাঠান আদালত। আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। যেখান থেকে স্থানীয় সরকার মন্ত্রণায়ল তাকে বরখাস্ত করেছে।আদালতে মামলা সূত্রে জানা গেছে, সোনারগাঁও থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের ৮ (১) ১৫ নং মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন আজহারুল ইসলাম মান্নান। এ মামলায় মোট আসামি রয়েছে ৭০ জন। আর ৪৫ জন আসামি এ মামলায় জামিনে রয়েছেন এবং আরো ১৯ জন আসামি এখনো পলাতক রয়েছে। রোববার আজহারুল ইসলাম মান্নান, শহিদুল্লাহ ও বাবুল মিয়া আদালতে আত্মসর্মণ করে জামিন আবেদন করেন। আদালত আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোনারগাঁ থানার একটি বিস্ফোরক মামলায় বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস