দেশজুড়ে

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

গাজীপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম (২৮) গাজীপুর মহনগরীর চান্দনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। আদালত সূত্র জানায়, গাজীপুর মহাগরীর চান্দনা পূর্বপাড়া এলাকার এক বাকপ্রতিবন্ধী নারীর (২৫) সঙ্গে তৌহিদুল ইসলাম প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। ২০১২ সালের ১ সেপ্টেম্বর ও বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এতে ওই নারী সন্তানসম্ভবা হয়ে পড়লে একই বছরের ২১ নভেম্বর চিকিৎসকার কথা বলে তাকে নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে গর্ভপাত ঘটান। পরে ওই নারী বাসায় ফিরে অসুস্থ হয়ে পরলে তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ব্যাপারে তৌহিদুলকে পারিবারিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি টালবাহানা করতে থাকেন। এমতাবস্থায় ২০১৩ সালের ২৫ জানুয়ারি ওই নারীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় তৌহিদুলসহ চার জনকে আসামি করে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে তৌহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে আদালত এ রায় প্রদান করেন।আমিনুল ইসলাম/এফএ/আরআইপি