কক্সবাজারের পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের তিন শিক্ষককে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষকরা। সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের হোস্টেল ভবনের নিচে বিক্ষুব্ধ ছাত্রদের হাতে বশির আলম ও মো. আলম নামের দুই শিক্ষক প্রহৃত হন। একই সময় ছাত্ররা শিক্ষক মিলনায়তনে ঢুকে অপর শিক্ষক এনামুল হককে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান বলেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এইচএসসি মূল্যায়ন পরীক্ষা বানচাল করতে কিছু ছাত্র এ ঘটনা ঘটিয়েছে। শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এটি নিরসনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।পেকুয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মনজুরুল আলম বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি