চট্টগ্রামে ব্যাংকের বস্তাভর্তি অর্ধকোটি টাকা লুটের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী রেজাউল করিম জানান, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখার সাবেক গাড়িচালক বিজয় কুমার দাশকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুনমানবাধিকার কমিশনে নিয়োগের বৈধতা ও নিয়োগ স্থগিত চেয়ে রিট ডেলিভারিতে স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন সাবজেলে থাকা সেনা কর্মকর্তা
এছাড়া একই শাখার সাবেক জুনিয়র অফিসার (ক্যাশ) রাজিবুর রহমান, নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান ও মাজহারুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ১০ লাখ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি রাজিবুর রহমান নগরের শেখ মুজিব রোড শাখা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে সীতাকুণ্ড শাখায় যান। সেখানে আরও ৮১ লাখ টাকা সংগ্রহ করে ফেরার পথে গাড়িতে থাকা একটি বস্তা হারানোর কথা জানানো হয়। ওই বস্তায় প্রায় সাড়ে ৫০ লাখ টাকা ছিল।
ঘটনার পর সিডিএ করপোরেট শাখার তৎকালীন সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান সীতাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২২ সালের ১৬ মে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
এমআরএএইচ/কেএসআর