দেশজুড়ে

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে বিএসএফের ২২ সদস্য

খুলনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের উত্তরবঙ্গ বিএসএফের মহাপরিচালক কমল নয়ন চুবের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে। সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতীয় প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির কর্মকর্তারা। পরে তাদের বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে যাওয়া হয়।খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুব হোসেনের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতীয় প্রতিনিধি দলকে বরণ করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন ও আর আইভির অধিনায়ক লে. কর্নেল খবিরউদ্দিন প্রমুখ।আজ মঙ্গলবার বিকেল থেকে খুলনা বিজিবির সেক্টর হেডকোয়ার্টারে এ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রংপুর বিজিবির রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবেন। এসময় উপস্থিত থাকবেন, ভারতের দক্ষিণবঙ্গ বিএসএফের আইজি শ্রী পেনডিয়া সিথারম ও গৌহাটি বিএসএফ আইজি মধুসুধন শর্মাসহ বিএসএফের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা। যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সম্মেলন শেষে তারা ঢাকার পিলখানা বিজিবি প্রদান কার্যালয়ে যাবেন। আগামী ১১ তারিখে ভারতে ফিরে যাবে প্রতিনিধি দলটি।সম্মেলনে সীমান্তে চোরাচালান, নারী, শিশু, মাদক, অস্ত্র, বিস্ফোরক পাচার, হত্যাসহ নানা ধরনের অপরাধমূলক কাজ নিয়ে আলোচনা করা হবে। এতে দু`দেশের মধ্যে আরো সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করেন বিজিবি কর্মকর্তারা। জামাল হোসেন/এফএ/এমএস