দেশজুড়ে

হত্যা মামলায় বিএনপি নেতাসহ ৫ জনের যাবজ্জীবন

যশোরের ঝিকরগাছার সাদীপুর গ্রামের সিরাজুল ইসলাম হত্যা মামলায় নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ মামলায় অপর ৮ জনকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিকরগাছার সাদীপুর গ্রামের মৃত মোবারক দফাদারের ছেলে নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, বল্লা গ্রামের রজব আলীর ছেলে তাইজেল ওরফে তরিকুল ইসলাম, মৃত করিম বক্স মোড়লের ছেলে সাদেক ওরফে ঠুটে সাদেক, মণিরামপুরের কায়েমকোল গ্রামের অলি মাঝির ছেলে শামছুল ওরফে শামছুল ও সদর উপজেলার রুদ্রপুর গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন। বুধবার স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ।মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালের ১২ জানুয়ারি সন্ধ্যায় বল্লা বাজার হাইস্কুল মাঠে পূর্ব বিরোধ মীমাংসার জন্য এক শালিসি বৈঠক বসে। শালিস চলাকালে রাত সাড়ে ৯টার দিকে একদল অস্ত্রসস্ত্র নিয়ে সিরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অপরিচিত ৭-৮জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকায় ১৫ জনকে অভিযুক্ত করে ১৯৯৮ সালের ২ মে আদলতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আসলাম খান। সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক বিএনপি নেতাসহ পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়। মিলন রহমান/এএম/এবিএস