প্রতিবেশী দেশ ভারতে প্রাণঘাতী সোয়াইন-ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে ভাইরাসজনিত এ রোগটি প্রকট আকার ধারণ করলেও বাংলাদেশ সীমান্তে এ নিয়ে কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত থেকে অসংখ্য যাত্রী দেশে প্রবেশ করছেন। কিন্তু ইমিগ্রেশনে ভারতীয় যাত্রীদের জন্য সোয়াইন-ফ্লু ভাইরাস পরীক্ষার কোন ব্যবস্থা না থাকায় বাংলাদেশেও এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে আখাউড়া উপজেলা হেলথ ইন্সপেক্টর মো. কামরুজ্জামান জাগোনিউজকে জানান, ইবোলা ভাইরাস পরীক্ষার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম কাজ করছে। কিন্তু সোয়াইন-ফ্লু নিয়ে এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন প্রকার নির্দেশনা দেয়া হয়নি। এএইচ/এমএস