দেশজুড়ে

দারিদ্র্য বিমোচনে নারীদের বেশি গুরুত্ব দিচ্ছে সরকার

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের অর্ধেক নারী সমাজকে দরিদ্র রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণে দারিদ্র্য বিমোচনে নারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। রোববার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী। পৌর এলাকার দেওপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে। তখনই এদেশের নারীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। শেখ হাসিনার সরকার মানেই নারীর অর্থনৈতিক সমৃদ্ধি।তিনি আরো বলেন, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে নারীদের প্রশিক্ষিত করছেন সরকার। আবার প্রশিক্ষিত নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সরকার তাদের ঋণও প্রদান করছেন। কাজেই নারীরা ক্ষমতায়ীত হলে পরিবার, সমাজ তথা দেশ উন্নত হবে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশে একটি নারীও অবহেলিত থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।  কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক জাহানারা পারভীন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।  আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি