গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর খরতৈল এলাকার সুখি নগরের হাজি মার্কেট এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিন জনের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতার হাত বিছ্ন্নি হয়ে যায়। বুধবার সকালে এ হামলায় ছাত্রলীগ নেতা হানিফুর রহমান (৩৫) ও ব্যবসায়ী আবুল কাশেমের (৪৪) বাম হাত বিচ্ছিন্ন এবং তাদের সহযোগী মুরশিদ আলমেকে (২৩) এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গী এরশাদ নগরের চিহ্নিত সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী ফাঁটা মনির ও তার ছোট ভাই জাকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের পাইকারি ব্যবসা পরিচালনা করে আসছিল।তাদের নেতৃত্বে এলাকার বিভিন্ন বয়সী তরুণ, যুবক ও ছাত্ররা নেশায় আসক্ত হয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এ ব্যাপারে কয়েক দিন আগে গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হানিফুর রহমান এসব অপকর্মে ফাটা মনিরকে বাধা দেন। এ নিয়ে উভয়ের শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সকালে এলাকার হাজি মার্কেটের সামনে মনিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হানিফুরের দেহ থেকে বাম হাতের কুনই পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেলে। চিৎকারে মার্কেটের ব্যবসায়ী আবুল কাশেম ও মুরশিদ এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা করে। এতে কাশেমের বামহাত বিচ্ছিন্ন করে ও মুরশিদকে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি