দেশজুড়ে

সাত খুন মামলার রায় ১৬ জানুয়ারি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আসামিদের সবার যুক্তিতর্ক শেষে বুধবার দুপুরে এ দিন ধার্য করা হয়। সেদিন আসামিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করবেন।নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের দুটি মামলায় গ্রেফতারকৃত ২৩ ও পলাতক ১২ আসামির সবার যুক্তিতর্ক শেষ হয়। পরে আদালত আগামী ১৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন।এর আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলী আদালতকে বলেন, আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত। তাদের সম্পৃক্ততা শতভাগ প্রমাণ করতে পেরেছি। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আদালতকে বলেন, আমাদের আচরণে রাষ্ট্রপক্ষসহ মামলার সঙ্গে সংশ্লিষ্ট কেউ আঘাত পেয়ে থাকলে আমরা দুঃখিত।২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও তাঁর চার সঙ্গী এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়।গত ২১ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এ মামলায় আসামি ৩৫ জন। গতকাল মঙ্গলবার র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ, আরিফ হোসেন, মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ৩২ জন আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। বাকিদের আজ সম্পন্ন হয়েছে। শাহাদাত হোসেন/আরএআর/এনএইচ/এমএস