গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন থেকে মালবাহী একটি ট্রেন (৮১০) থেকে চালককে পিটিয়ে তেল লুট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।এ সময় তেল লুটে বাধা দেয়ায় ট্রেনের চালক হেমায়েত হোসেনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে ট্রেনের চালক বাদী হয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন। একই ঘটনায় নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম নবী ভৈরব রেলওয়ে থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ও নরসিংদী ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম। অভিযোগের বিষয়টি এ দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন। অভিযোগকারী ট্রেনের চালক হেমায়েত হোসেন জানান, বধুবার রাত সোয়া ১০টার দিকে কমলাপুর থেকে চট্টগ্রামগামী কন্টেইনার ট্রেন (চট্টগ্রাম-৮১০) নিয়ে আড়িখোলা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে প্রবেশ করেন। এ সময় তিনি স্টেশন মাস্টারের কাছে গিয়ে ট্রেন ছাড়ার সময় জানতে চান। স্টেশন মাস্টার তাকে জানায় পেছন থেকে মহানগর এক্সপ্রেস (৭২২) যাওয়ার পর তার ট্রেন ছাড়া হবে। এ কথা জেনে তিনি ইঞ্জিনে প্রবেশ করতে দু’পাশ থেকে ৮-১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। তাকে মারধর করে বলা হয় ইঞ্জিন থেকে তেল নামানো হবে তুই কোন কথা বলবি না। পরে রেলের নিরাপত্তা কর্মী ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ইঞ্জিনে ফিরে দেখেন প্রায় ২৮০ লিটার তেল লুট করে নিয়ে গেছেন দৃর্বৃত্তরা। এ ব্যাপারে তিনি অজ্ঞাত দুর্বৃত্তদের নামে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছেন। একই ঘটনায় নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার ভৈরব রেলওয়ে থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। আড়িখোলা স্টেশনের কর্তব্যরত মাস্টার দিলিপ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মালবাহী ট্রেনটিকে অতিক্রম করার জন্য মহানগর এক্সপ্রেস পেছন দিকে পূবাইলে অপেক্ষা করছিল। কট্রোল রুমের মালবাহী ট্রেনটিকে আড়িখোলায় থামিয়ে মহানগরকে লাইন ক্লিয়ার দেই। মালবাহী কন্টেইনার ট্রেনে তেল লুটের ব্যাপারে প্রথম জিআরপি ও বেঙ্গল থানায় সহযোগিতা চেয়ে ফোন করেন বলেও জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছিুক স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ট্রেনের চালক, গার্ড ও স্টেশন মাস্টারদের যোগসাজশে এবং থানা পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ আড়িখোলা রেলওয়ে স্টেশন থেকে তেল চুরির ঘটনা ঘটছে। মাঝে মধ্যে চালকরা রাজি না হলে অস্ত্রের মুখে জিম্মি করে ইঞ্জিনের তেল লুট করে নিয়ে যায় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। রেলওয়ে ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনার তদন্তে মাঠে কাজ করছেন তারা। আব্দুর রহমান আরমান/এএম