দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার বুড়িচংয়ের নিমসার ও মুরাদনগরের টনকি গ্রামে এই পৃথক দুইটি দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বুড়িচংয়ের নিমসার ফিলিং স্টেশনের সামনে দিয়ে বেলা ১১টার দিকে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় পথচারী আবুল কাসেম নিহত হন। নিহত আবুল কাসেম জেলার সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। অপরদিকে বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান জানান, সকালে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকি গ্রামের রুকু শাহ্ মাজারের সামনে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়।নিহতরা হলো, উপজেলার বাখরনগর গ্রামের রব্বান মিয়ার ছেলে আল-আমিন (২০) এবং একই গ্রামের মালু মিয়ার ছেলে ও বাখরনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সজিব (১৭)। কামাল উদ্দিন/এআরএ/এমএস