দেশজুড়ে

৩ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

গাজীপুরে তিন মাস পর কবর থেকে সোহাগ (৩০) নামে এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই মরদেহ উদ্ধার করা হয়।নিহত গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর এলাকার মুক্তিযোদ্ধা ওসমান গনির ছেলে। জয়দেবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা জানান, চলতি বছর ২৯ আগস্ট ভাওয়াল মির্জাপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। পরিবারের ধারণা ছিল সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পরে পরিবারের লোকজনের বিভিন্ন মাধ্যমে জানতে পারে সে সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পিটিয়ে হত্যার পর ওই স্থানে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের বাবা ওসমান গণি গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে জয়দেবপুর থানা মামলাটি রেকর্ড করে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে মরদেহ উত্তোলনের জন্য আদালত পুলিশকে নির্দেশ প্রদান করেন। ওই আদেশ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শিবলীর উপস্থিতিতে বৃহস্পতিবার কবর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমিনুল ইসলাম/এফএ/পিআর