দেশজুড়ে

ভারতে পাচার হওয়া কিশোরীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া মেঘলা আক্তার (১৪) নামের এক কিশোরীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার দুপুরে পাচারের এক বছর পর ভারত-বাংলাদেশ সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। মেঘলা খুলনার সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার জাহাঙ্গীর সর্দারের মেয়ে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ডিউটি অফিসার খায়রুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ওয়ার্ল্ড ভিশন নামের একটি এনজিও সংস্থা তার পরিবারের কাছে পৌঁছে দেবেন বলে জানান তিনি।যশোর ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড অফিসার জাকিয়া আক্তার জানান, ওই কিশোরীকে ভালো কাজের কথা বলে পাচারকারীরা ভারতে পাচার করে। পরে তাকে ঝুঁকিপূর্ণ কাজ দেয়। ভারতীয় পুলিশ অবৈধ বসবাসের অভিযোগে তাকে আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে মুম্বাইয়ের একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখেন। পরে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে ফেরত আনা হয়। মো. জামাল হোসেন/এএম/পিআর