রাজনীতি

ব্যক্তি নয় প্রতীকের জন্যই মাঠে নেমেছে ছাত্রলীগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোয়নপ্রাপ্ত প্রার্থীর প্রচারণায় স্থানীয় ছাত্রলীগের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ না করার অভিযোগ পাওয়া গেছে। আর যারা অংশ নিচ্ছেন তারা শুধু নৌকা প্রতীকের কারণেই অংশ নিচ্ছেন। জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্থানীয় ছাত্রলীগকে সক্রিয়ভাবে নাসিক নির্বাচনে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে স্থানীয় ছাত্রলীগকে ২৭টি টিমে বিভক্ত করে ২৭ ওয়ার্ডে নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি টিমে কমপক্ষে ১০ জন সদস্য রয়েছে। স্থানীয় কয়েকটি সূত্র জানায়, নারায়ণগঞ্জে ছাত্রলীগসহ পুরো আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেন এমপি শামীম ওসমান। তিনি গতবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী হয়েও দলের তৎকালীন বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে হেরে যান। স্বাধীনতার পর নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান পরিবারের জন্য এটিই সবচেয়ে বড় ধাক্কা । স্বাভাবিকভাবেই ওসমান পরিবার আইভীর ওপর অসন্তুষ্ট। এ কারণে শামীম ওসমানের অনুসারী নেতা-কর্মীরা এবারের নির্বাচনে মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে মনোয়ন দিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছিল। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন বিষয়ে শামীম ওসমানের রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছেন আইভী। পাশাপাশি আইভীর কাছে অন্যান্য বাম সংগঠনও প্রিয়। সংগত কারণেই তারা আইভীর ওপর অসন্তুষ্ট। এসব কারণে এতদিন স্থানীয় ছাত্রলীগ নিশ্চুপ থাকলেও শেষ পর্যন্ত তারা নৌকা প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন। শামীম ওসমানও তার অনুসারীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। তবে এখানে ব্যক্তি নয় দলের স্বার্থেই শামীম ওসমানের অনুসারী আইভীর পক্ষে কাজ করছেন। জানা যায়, আইভীকে মনোয়ন দেয়ায় নির্বাচনের শুরুর দিকে স্থানীয় ছাত্রলীগ না পেরেছে নৌকার প্রচারণায় ব্যাপকভাবে অংশগ্রহণ করতে, না পেরেছে ঘরে বসে থাকতে। তাদের মধ্যে ভয় কাজ করেছে যদি ওসমান পরিবারকে ছেড়ে আইভীর পক্ষে প্রচারণায় অংশ নিলে নারায়ণগঞ্জের রাজনৈতিক সমীকরণে তারা অবস্থান হারাতে পারেন। অবশ্য দোটানায় থাকা গুটিকয়েক স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীকে নৌকার প্রচারণায় অংশ না নিলেও নিজ নিজ ওয়ার্ডে পছন্দের কাউন্সিলর প্রর্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। তবে নির্বাচনী টিম গঠনের পর কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীদের নৌকার পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ করতে দেখা গেছে। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি টিম গত দু’দিন ধরে নাসিকের বিভিন্ন ওয়ার্ড চষে বেড়িয়েছেন। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলাম সানি জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীর প্রচার প্রচারণায় আমাদের ২৮টি টিম কাজ করছে। আমি নিজেই ১৬ নং ওয়ার্ডের দায়িত্ব পেয়েছি। ইতোপূর্বে স্থানীয় ছাত্রলীগের অংশ না নেয়া প্রসঙ্গে সানি বলেন, দেখুন আমরা নারায়ণগঞ্জে বংশ পরম্পরায় আওয়ামী রাজনীতি করছি। আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি, ফলে এখানে অন্য আদর্শের লোক জয়ী হলে তা হবে বেদনাদায়ক। তাই মমতাময়ী নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে আমরা শামীম ভাই ও কেন্দ্রীয় ছাত্রলীগের  নির্দেশে সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি।  তিনি আরো বলেন, এক কথায় নৌকা আওয়ামী লীগের প্রতীক বলেই আমরা সক্রিয়ভাবে মেয়র পদে আইভীকে জয়ী করার লক্ষে কাজ করছি। উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে দ্বিতীয়বার সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে মোট ৭ জন, ২৭ টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ জন ও ৯টি সংরক্ষিত মহিলা আসনে মোট ৩৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।  এমএমজেড/আরআইপি