নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদ থেকে এবার সরে দাঁড়িয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শরীক কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস। সোমবার দুপুরে শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসায় এক সংবাদ সম্মেলনে রাশেদ ফেরদৌস নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানান।রাশেদ ফেরদৌস বলেন, আমার দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এখন থেকে আমি ধানের শীষের পক্ষে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইবো।সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে নাসিক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এলডিপির প্রার্থী কামাল প্রধান। এলডিপি ও কল্যাণ পার্টি ২০ দলীয় জোটভুক্ত। নাসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ওই দুই দলের দুজন প্রার্থীকেই দল থেকে বহিষ্কার করা হয়। এ নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি