আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা থেকে (কজলিস্ট) বাদ দিয়েছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।বুধবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। সোমবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক নারায়ণগঞ্জের বরইপাড়ার বাসিন্দা শাহজালালের পক্ষে এই রিট আবেদনটি করা হয়। রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ উল্লেখ করে তা বাতিল চাওয়া হয়েছে। নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে রিটে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ নির্বাচন কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে। ইউনুছ আলী আকন্দ জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী ২২ ডিসেম্বর। নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলররাই আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ভোটার হবেন। কিন্তু তাদের বাদ দিয়ে গত মেয়াদে বিজয়ী মেয়র ও কাউন্সিলদের জেলা পরিষদ নির্বাচনে ভোটার করা হয়েছে।এজন্য নির্বাচন কমিশনের করা ভোটার তালিকা ক্রটিপূর্ণ। তিনি জানান, ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের ২৭ নভেম্বর নির্বাচিতরা শপথ গ্রহণ করেন। ওই দিনই গেজেট হয়। ১ জানুয়ারি তারা দায়িত্ব গ্রহণ করেন। অথচ মেয়াদ উত্তীর্ণ মেয়র ও কাউন্সিলদের ভোটার তালিকায় রাখা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ সদস্যদের ভোটার করায় এই রিটটি করা হয়েছে। এফএইচ/ওআর/জেআই