নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। প্রতিটি কেন্দ্রে ভোটের প্রস্তুতিও প্রায় শেষ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনি বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ চলছে। এখনও যারা ভোটার স্লিপ ও নম্বর সংগ্রহ করেননি তারা সেই তথ্য সংগ্রহ করছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, গাবতলী, বনানী ও মহাখালী এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেখা যায়, প্রতিটি পাড়া মহল্লায় রয়েছে নির্বাচনি বুথ ও তথ্য সংগ্রহ কেন্দ্র। এসব বুথ থেকে স্থানীয় ভোটাররা তাদের ভোটার স্লিপ সংগ্রহ করছেন। জেনে নিচ্ছেন কোন কেন্দ্রের কত নম্বর কক্ষে ভোট দেওয়া যাবে।
রাজধানীর ইব্রাহিমপুরের পাকার মাথায় দেখা গেছে, ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের প্রচারণার বুথ থেকে ভোটারদের ভোটের তথ্য জানানো হচ্ছে। দেওয়া হচ্ছে ভোটার স্লিপ। একইভাবে এই আসনের জামায়াত ইসলামীর প্রার্থী দলটির আমির ডা. শফিকুর রহমানের বিভিন্ন বুথ থেকে দেওয়া হচ্ছে ভোটের তথ্য। কোথাও কোথাও বিএনপি ও জামায়াত ইসলামের বুথ পাশাপাশি রয়েছে।
এ আসনের দু একটি জায়গায় জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসেও কর্মীদের দেখা গেছে। এ আসনের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও বিএনপির বুথ জমজমাট, আবার কোথাও জামায়াতের।
মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে ঢাকা-১৭ আসনের বিএনপি ও জামায়াত ইসলামীর দুই প্রার্থীর বুথ পাশাপাশি দেখা গেছে। এই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান। আর এ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। দুই বুথ থেকেই ভোটারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখানে বিএনপির বুথটি জমজমাট থাকলেও জামায়াতের বুথটি তেমন জমজমাট ছিল না।
দেখা গেছে, কর্মীরা ভোটার তালিকা দেখে স্লিপ দিচ্ছেন। ভোটকেন্দ্রের নম্বর বুঝিয়ে দিচ্ছেন।
রাশেদা বেগম নামের একজন ভোটার বলেন, আমি আগে স্লিপ পাইনি। এখানে এসে সহজে পেয়ে গেলাম। এখন জানি কোথায় ভোট দিতে হবে।
ইএইচটি/এমআইএইচএস