নারায়ণগঞ্জের ফতুল্লায় জাল টাকা তৈরির মেশিন, কেমিক্যাল ও জাল টাকার পেপারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ফতুল্লার শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকারসহ বিপুল পরিমান জাল টাকা তৈরির পেপার ও ডাইসও জব্দ করা হয়।আটকরা হলেন- বগুড়ার আদমদিঘি থানার প্রাণনাথপুর এলাকার জব্বার আলীর ছেলে রাজিব হাসান (২৬) এবং তার সহযোগী ও গাড়ি চালক নড়াইলের লোহাগড়ার মহিষাপাড়ার রেজাউল শেখের ছেলে ফিরোজ শেখ (২৯)। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজি এনামুল জাগো নিউজকে জানান, জাল টাকা তৈরির চক্রটি ফতুল্লায় কোনো একটি এলাকায় আস্তানা করার পরিকল্পনা করেছিল। এমন তথ্যের ভিত্তিতে এএসআই কামরুল হাসানসহ থানার একটি টিম শান্তিধারায় অভিযান চালিয়ে একটি বিলাস বহুল প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ- ২৯-১৭৭৯) আটক করে। পরে গাড়িতে থাকা জাল টাকা তৈরি চক্রের অন্যতম সদস্য ফিরোজ ও গাড়ি চালক রাজিব হাসানকে আটক করা হয়। এসময় গাড়ি তল্লাশি করে এক বোতল জাল টাকা তৈরির কেমিক্যাল, এক হাজার টাকা ও একশত টাকা তৈরির দুটি ডাইস, ২০টি ১০০টাকার জাল নোট, আধা তৈরি এক হাজার ও একশত টাকার ৬০০ পেপার জব্দ করা হয়।তিনি আরও বলেন, জাল টাকা তৈরি চক্রটিকে জিজ্ঞেস করা জানা গেছে, তারা ফতুল্লার একটি স্থানে আস্তানা করে জাল টাকা তৈরি করে বিভিন্ন এলাকায় বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল।শাহাদাত হোসেন/আরএআর/জেআই