নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা।সোমবার ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মেঘনা নদী তীরবতী চৈতনকান্দা এলাকার হাজী ডাক্তার বেনু মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল দালানের জানালার গ্রিল কেটে ভেতরে গিয়ে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে বাড়ির স্টিলের আলমারি, সুকেস ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৩০ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।ডাকাতদের বাঁধা দিতে গেলে গৃহকর্তা হাজী ডাক্তার বেনু মিয়া (৭০) ও তার স্ত্রী হাজী মালেহা বেগমকে (৬৫) পিটিয়ে আহত করে ডাকাতরা। ওই সময় বাড়িল লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন বেরিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।আহত হাজী ডাক্তার বেনু মিয়া জানান, ডাকাতদল জানালার গ্রিল কেটে ভেতরে গিয়ে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাকে এবং তার স্ত্রী হাজী মালেহা বেগমকে (৬৫) পিটিয়ে আহত করে। পরে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৩০ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম