দেশজুড়ে

তানিয়া টেক্সটাইল মিলের জিএমসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতারণামূলকভাবে ৩০ লাখ টাকার ফেব্রিক্স আত্মসাৎ করার অভিযোগে এক টেক্সটাইল মিলের জিএমসহ (প্রডাকশন) কারখানার ৫ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে প্রায় ২৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ মাওলা বাজারস্থ তানিয়া টেক্সটাইল মিল থেকে ফতুল্লা থানা পুলিশের একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন, কারখানার জিএম (প্রডাকশন) এফ কে ফারুক (৩৫), জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) আসিফ ইকবাল (৪০), ম্যানেজার (এডমিন) ইউসুফ আলী (৩২), হেড অব অপারেশন আলহাজ কবির হোসেন (৫০) ও হিসাব রক্ষক ফয়সাল (৩০)। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঢাকার উত্তরার মাহি-সানি ফেব্রিক্স লিমিটেড নামক একটি কারখানার গ্রে কাপড় প্রিন্টিং ও ডাইং করানোর জন্য ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকার তানিয়া টেক্সটাইল মিলের মালিকপক্ষসহ কর্মকর্তারা কাজ নেয়। গত চলতি বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত উক্ত প্রতিষ্ঠান থেকে গ্রে কাপড় প্রিন্টিং ও ডাইং করার জন্য এক লাখ ৬১ হাজার ১৬১ গজ কাপড় দেয়া হয়। এর মধ্যে তানিয়া টেক্সটাইল মিল এক লাখ ৩১ হাজার ১৬১ গজ গজ কাপড় বুজিয়ে দেয়। আর ৩০ হাজার যার মূল্য ৩০ লাখ টাকার মালামাল কারখানায় রয়ে যায়। এসব মালামাল ডেলিভারি দেয়া নিয়ে নানাভাবে তালবাহানা করতে থাকে। এ ঘটনায় ঢাকার মাহি-সানি ফেব্রিক্সের পরিচালক সোহরাব ওহাসেন খান ওরফে বাবর বাদী হয়ে তানিয়া টেক্সটাইল মিলের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা করে।সেই মামলার আসামি কারখানার ৫ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। কারখানা থেকে প্রায় ২৮ লাখ টাকার ফেব্রিক্স উদ্ধার করা হয়।   মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি