দেশজুড়ে

রূপগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের  রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলচত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী দুই ট্রাকের মাঝে চাপা পড়ে তোফাজ্জল ইসলাম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দুই ট্রাকের দুই চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে  এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল ইসলাম সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আফতাবনগড় এলাকার খাসুম আলীর ছেলে। তিনি ভুলতা পুরান বাজার এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে বসবাস করে এমব্রয়ডারি শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) ফাইজুল ইসলাম  জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে। এ জন্য এই এলাকায় সব সময়ই যানজট লেগে থাকে। এ কারণে যানবাহনগুলোকে ধীর গতিতে চলাচল করতে হয়।সকাল ৯টার দিকে কাজে যাওয়ার উদ্দেশে বের হয়ে যানজটের মধ্যে ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন তোফাজ্জল। এ সময় দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক দুই ট্রাকসহ চালক সোহেল মিয়া ও শাহ আলমকে আটক করে পুলিশ।  মীর আব্দুল আলীম/আরএআর/এমএস