দেশজুড়ে

যানজট নিরসনে না.গঞ্জের ফুটপাতে উচ্ছেদ অভিযান

নতুন বছরে যানজট নিরসন ও ফুটপাত হকারমুক্ত রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের রাস্তায় বসা ফুটপাতসহ গুরুত্বপূর্ণ মোড়ে ব্যাপক উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে শহরে সাটানো বিভিন্ন বিলবোর্ড নামিয়ে ফেলা হয়।  এ সময় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তায় গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, লাইসেন্স না থাকাসহ ১২ মামলায় গাড়ি চালক, হকার ও দোকানিদের ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, সলিমুল্লাহ সড়ক, সিরাজউদ্দৌলা সড়ক, মণ্ডলপাড়া, নিতাইগঞ্জ, ডনচেম্বার ও ২নং রেলগেট এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে সহায়তায় ছিল নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির তিন টিমের ২৪ জন সদস্য।চাষাঢ়া মোড়ে উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, গত ২৯ ডিসেম্বর যানজট নিরসনে অবৈধ বাস-ট্রাক স্ট্যান্ডসহ অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। এখন থেকে এ অভিযান চলমান থাকবে। অভিযানে অবৈধ বাস-ট্রাক স্ট্যান্ড, স্থাপনা ও হকারদের উচ্ছেদ করা হয়েছে।ম্যাজিস্ট্রেটের প্রেস সহকারী জামাল হোসেন ভূইয়া জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি জায়গা দখল করে ব্যবসা, রাস্তায় গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, লাইসেন্স না থাকাসহ ১০ মামলায় গাড়ি চালক, হকার ও দোকানিদের ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ডন চেম্বার মোড়ে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন আল জুনায়েদ জানান, দেওয়ান স্টিল প্রোডাক্টস ও কাজী শরীফ অ্যান্ড ব্রাদার্সের দুই দোকানদার সরকারি রাস্তা দখল করে ব্যবসা করার অপরাধে তাদেরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দোকানদারদের সতর্ক করা হয়েছে। মো. শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম