নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল ফাটিয়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতরা স্বর্ণালংকার লুট করে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। এ সময় ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাগরিবের নামাজ চলাকালীন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকাস্থ বড় মসজিদ এলাকার বিনীময় জুয়েলার্সে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা দোকানের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অস্ত্রের মুখে দোকানের কর্মচারী অধির, অর্জুন, মনব, পবিত্র ও সুদীপকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা। জুয়েলারি দোকানের মালিক কার্তিক চন্দ্র দাশ জানায়, লুট হওয়া স্বর্ণের পরিমাণ হিসাব ছাড়া বলতে পারবেন না তিনি।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, মাগরিবের নামাজের সময় কয়েকজন ডাকাত এসে এ কাজ করেছে। এ দোকানে তেমন স্বর্ণ মজুদ থাকে না। তারা ঢাকা থেকে অর্ডার নিয়ে কাজ করেন। হোসেন চিশতী সিপলু/এএম/এমএস