বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালতে হাজির করা হয়েছে এই মামলার প্রধান চার আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব ১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র্যাবের চাকরিচ্যুত কমান্ডার এম এম রানা ও চাকরিচ্যুত মেজর আরিফ। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালতে হাজির করা হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে ৭টার দিকে তাদের নিয়ে রওনা হয় পুলিশ। এই আসামিদের বহনকারী প্রিজনভ্যানের সামনে ও পিছনে ছিল একটি করে পুলিশেরি গাড়ি। সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ আদালতপাড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মঈনুল হক। উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মামলার বিচার কাজের আইনি কার্যক্রম শেষ হয় গত ৩০ নভেম্বর। ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণের পর ২০১৫ সালের ৮ এপ্রিল চার্জশিট, ওই বছরের ১২ নভেম্বর ভারত থেকে নূর হোসেনকে দেশে আনা, আদালতে সাক্ষীদের চোখ রাঙানি, বাদী পক্ষকে হুমকি, অন্যতম আসামি র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদের অসুস্থতার নাটকে হাসপাতালে ভর্তি, কাঠগড়ার ভেতরে নূর হোসেনের মারামারিসহ অনেক নাটকীয়তাও হয়েছে মামলা চলাকালে।২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহরণ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে আন্দোলন শুরু হয়েছিল তার তিনদিন পর শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনায় বন্দর শান্তিরচর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্রত্যেকের বিভৎস মরদেহ উদ্ধারের পর উত্তপ্ত হয়ে উঠে নারায়ণগঞ্জ।ওই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের একজন প্রবীণ আইনজীবী চন্দন সরকার নিহত হওয়ায় রাজপথ থেকে আদালত প্রাঙ্গণ পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়ে।নারায়ণগঞ্জের আইনজীবীরা হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে নেমে আসেন। এমনকি আইনজীবীরা নারায়ণগঞ্জে নজিরবিহীন হরতাল পালন করেন।এআর/এনএফ/এমএস