নারায়ণগঞ্জের ফতুল্লায় টিনের তৈরি একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানগুলোর মধ্যে রয়েছে খাবার হোটেল, পাইকারী লবণ বিক্রির দোকান ও সোয়াবিন তেল বিক্রির দোকান। বুধবার রাত ৮টার দিকে ফতুল্লার পোস্ট অফিস এলাকার তুফানী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০/১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাদশা মিয়ার খাবার হোটেল থেকে রাত ৮টায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় পাশের লবণ বিক্রি ও তেল বিক্রির দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কী থেকে হয়েছে তা কেউ বলতে পারেনি। ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।এদিকে অগ্নিকাণ্ডের পর ফতুল্লায় বিদ্যুৎ প্রায় ২০ মিনিট বন্ধ ছিল। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে হওয়ায় এ সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহ জালাল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে। আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে।শাহাদত হোসেন/আরএআর/আরআইপি