দেশজুড়ে

নারায়ণগঞ্জে তিতাসের ১০ কর্মকর্তাকে পিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি শিল্পকারখানার গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের অভিযানকারী তিতাস টিমকে কারখানায় আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের জিএমসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় তিতাস অফিসের কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে কারখানার লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যা ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় অবস্থিত প্রাইম টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর তিতাস অফিসের কর্মকর্তাসহ অন্যান্য লোকদের উদ্ধার করতে কারখানায় র্যাব ও পুলিশের অতিরিক্ত টিম যাওয়ার পর কারখানাসহ এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতরা হলেন, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, ডেপুটি ম্যানেজার মকবুল আহমেদ, ম্যানেজার মফিজুর রহমান, উপ-ম্যানেজার আনোয়ার আজিজ, অ্যাসিন্টেন্ট ম্যানেজার মাহফুজুর রহমান, অ্যাসিন্টেন্ট ম্যানেজার জুয়েল রানা, উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম, হিসাবরক্ষক দেলোয়ার মোর্শেদসহ ১০ জন। আহত অপর দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে দেয়া হয়েছে।পরে খবর পেয়েৈ র‌্যাব, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিতাস অফিসের লোকদের উদ্ধার করে। তবে তিতাস অফিসের লোকজন একটি শিল্পকারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযানে যাওয়ার আগে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত না করায় অভিযানের পিছনে রহস্যের সৃষ্টি হয়েছে।      তবে প্রাইম টেক্সটাইল মিলের মালিকপক্ষের দাবি বহিরাগত লোকজন তিতাস টিমের উপর হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফতুল্লার নন্দলালপুর এলাকায় অবস্থিত প্রাইম টেক্সটাইল মিলে গ্যাসের বকেয়া বিল ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানে যায় তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করলে পুরো কারখানা অন্ধকার হয়ে যায়। কারণ কারখানাটির বিদ্যুৎ ব্যবস্থা গ্যাসের মাধ্যমে পরিচালিত। এতে মালিকপক্ষের লোকজন শ্রমিকদেরকে নিয়ে তিতাসের অভিযানকারী টিমকে আটকে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে র্যাব, পুলিশ ও শিল্প পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের জিএম প্রকৌশলী মো. শফিকুর রহমান জানান, বকেয়া বিলের কারণে প্রাইম টেক্সটাইল মিলের সংযোগ বিচ্ছিন্ন করার পরেই কারখানাটির লোকজন তাদের উপর চড়াও হয়ে তাদেরকে উপুর্যপরি কিল ঘুষি লাথি মারতে থাকে। তবে অভিযোগ অস্বীকার করে কারখানাটির সহকারী ব্যবস্থাপক (এডমিন) ফরহাদ জানান, বিকেলে তিতাস গ্যাসের ৫টি গাড়ি এসে তাদের কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসময় গোটা কারখানাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কারণ কারখানাটির বিদ্যুৎ ব্যবস্থা গ্যাসের মাধ্যমে পরিচালিত হয়। এতে করে ওই সময় কারখানাটিতে কর্মরত ৫ থেকে ৬ হাজার শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটোছুটি হুড়োহুড়ি করে বেরুতে গিয়ে বেশ কিছু শ্রমিক আহত হয়। র‌্যাব-১১ এর আদমজীর সিনিয়র এএসপি মো: আলেপ উদ্দিন জানান, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে তিতাসের লোকজনদের আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইম টেক্সটাইল মিলে গ্যাসের বকেয়া বিল ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলে তিতাস গ্যাস অফিসের কর্মকর্তাদের মারধর করে আটক করার সংবাদে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।  মো: শাহাদাত হোসেন/এমএএস/এমএস