যশোরের বেনাপোলের বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও চোরাই ৭টি মোবাইল ফোনসহ ৬৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।শনিবার সকালে বড়আঁচড়া গেটপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের সালামের স্ত্রী ফিরোজা বেগম (৪০), ছেলে মেহেদী হোসেন (২২) ও একই এলাকার খোকনের ছেলে সাগর (২০)।স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন ধরে এলাকায় চুরি বেড়ে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা পুলিশে অভিযোগ করে। পরে পুলিশ গোপনে অভিযান শুরু করে। একপর্যায়ে সালাম নামে এক চোরাকারবারির বাড়ি থেকে হেরোইন, চুরি হওয়া বিভিন্ন ধরনের পণ্য ও নগদ টাকা জব্দ করে। এরা এলাকায় চুরি কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাও করে আসছিল বলে জানায় পুলিশ।বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে চুরি ও মাদকের মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে। মো. জামাল হোসেন/এএম/জেআইএম