বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমসের কার্যক্রম হঠাৎ করে পুরাতন ভবন থেকে নতুন ভবনে শুরু করায় দুই দেশের মধ্যে শনিবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর ব্যবহারকারীরা।পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, নতুন আইসিপি চেকপোস্ট চালু করা হলেও শুল্কায়ন কার্যক্রম পুরাতন কাস্টমস হাউস থেকে হয়ে আসছিল ও রফতানি কার্যক্রমও হতো পুরাতন পার্কিং থেকে। শনিবার সকাল থেকে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পুরাতন ভবন থেকে নতুন ভবনে শুরু করেছে। পুরাতন পার্কিং থেকে নতুন পার্কিংয়ের দূরত্ব প্রায় এক কিলোমিটার। রফতানির স্থান থেকে কাস্টমস হাউসের দূরত্ব অনেক বেশি হওয়ায় আমদানি-রফতানি কার্যক্রম সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়েছে। হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নেয়ায় তারা আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে। আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা (সুপার) আব্দুস ছামাদ জানান, ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টস ও কাস্টমসের মধ্যে জটিলতা সৃষ্টি হওয়ায় শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।জামাল হোসেন/আরএআর/জেআইএম