নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পৃথক দুটি শিল্পকারখানায় বকেয়া বেতন ও বর্ধিত বোনাসের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষুব্দ শ্রমিকরা মহাসড়কে উঠতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। মঙ্গলবার সকাল ও দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় আনন্দ শিপইয়ার্ড ও কাঁচপুর এলাকায় সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। এদিকে শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানার সামনে অতিরিক্ত ইন্ড্রাসটিয়াল পুলিশ, সোনারগাঁ থানা পুলিশ মোতায়েন করা হয়।পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে বিক্ষোভ প্রত্যাহার করে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় আনন্দ শিপইয়ার্ড নামে একটি জাহাজ রফতানি কারখানায় বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে। আনন্দ শিপইয়ার্ডের শ্রমিক সাইদুল ইসলাম ও আমিনুল ইসলাম বলেন, তিন মাস ধরে বেতন না পাওয়ায় দোকান বাকি ও বাসা ভাড়া দিতে পারছি না। বর্তমানে দোকানদার ও বাড়ির মালিকরা পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করছে। তারা আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন দেয়ার আশ্বাস দিলেও বেতন না দিয়ে তালবাহানা শুরু করে। বাধ্য হয়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।আনন্দ শিপইয়ার্ডের শ্রমিক অহিদুল্লাহ ও আবু তাহের বলেন, শ্রমিকরা নিয়মিত বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। মালিক পক্ষ একাধিকবার বেতন দেয়ার কথা বলে কথা রাখেননি। বকেয়া বেতনের দাবিতেই আন্দোলনে নেমেছি।এদিকে কাঁচপুর এলাকায় সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপে ১০% বর্ধিত বোনাসের দাবিতে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা ছুটি ঘোষণা করা হয়।সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিক তৈয়ব ও তানভীর জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকরা ১০% বোনাসের দাবি করে আসলেও মালিক পক্ষ কালক্ষেপণ করছেন। শ্রমিক আব্দুল কাইয়ুম, দিপু ও সাজেদা বেগম জানান, কারখানা কর্মরত অফিসাররা কারণে অকারণে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের চাকরিচুত্য করে। আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক (প্রশাসন) রিয়াজুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। তাদের দাবি মেনে নিলে তারা তাদের কর্মসূচি তুলে নেয়।সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, কাঁচপুর ও মেঘনা এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় তারা রাস্তায় আসতে পারেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মো. শাহাদাত হোসেন/এএম/এমএস