মাদারীপুরের কালকিনি উপজেলায় অবস্থিত কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ সরকারিকরণের দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ প্রাক্তন শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সালাম, সোহেল রানা মিঠু, রনি আহমেদ নিপুল, তরিকুর রহমান খান, সালাহ উদ্দিন মাহমুদ, জাহিদ হাসান, সানাউল হক সানি, গোলাম রাব্বী, কামাল খানসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। এছাড়াও প্রায় দুই শতাধিক সাবেক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ১৯৭২ সালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উৎসাহে প্রতিষ্ঠিত হয়। তখন কলেজটি উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য প্রয়াত আব্দুর রাজ্জাক। ১৯৯২ সালে তৎকালীন সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের নামে কলেজটির নামকরণ করা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক, ১২টি বিষয়ে সম্মান ও ৩টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। বর্তমানে ৬ হাজার ছাত্রছাত্রী নিয়মিত অধ্যয়ন করছে। কলেজটি ১৯ একর জমির উপর প্রতিষ্ঠিত সুরম্য অবয়বে সজ্জিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। যাতে আনুমানিক ১০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। তারা দাবি করেন, কলেজটি বেসরকারি হওয়ায় এ অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সন্তানদের বেশি বেতনে পড়তে হয়। যা তাদের জন্য অন্তরায় এবং কষ্টের কারণ। প্রায় ৫ লাখ জনগোষ্ঠীর এ উপজেলা সদরে কোন সরকারি কলেজ না থাকায় হতদরিদ্র ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই কলেজটি সরকারিকরণ এখন সময়ের দাবি।এএস/এসইউ/এমএস