নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার মুগড়াপাড়ায় বাসের চাপায় এক নারীসহ দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। প্রতিবাদে দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম আমানউল্লাহ (৩৫)। অপরজনের নাম জানা যায়নি। তাঁরা সোনারগা এলাকার চৈতী গার্মেন্টসে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বাসের চাপায় দুই শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়ার পর পরই বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে। তারা ওই বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে শ্রমিকদের আসার আগেই চালক ও সহকারীরা পালিয়ে যায়। এ সময় শ্রমিকরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। কামরুল ইসলাম আরো বলেন, রাস্তায় অবরোধের সময় শ্রমিকরা বেসরকারি টেলিভিশন আরটিভির ক্যামেরাপারসনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা অনড় থাকলে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছুড়ে। এরপর শ্রমিকরা সাড়ে নয়টার দিকে রাস্তা ছেড়ে চলে যায়। এসএইচএ/এমএস