দেশজুড়ে

কুরিয়ার সার্ভিসের ফ্রিজের ভেতর ইয়াবা

নারায়ণগঞ্জে একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের ফ্রিজের ভেতর ইয়াবা পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার দুপুরে শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে ফ্রিজসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ছোট আকারের ওই ফ্রিজের ভেতরে বিশেষভাবে লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতাররা হলেন কেরানীগঞ্জের পানগাঁও জাজিরা এলাকার সাদেমের ছেলে মাসুদ (২৮) ও তার স্ত্রী রেখা (২০)। তারা দুজনই মাদক ব্যবসায়ী। গ্রেফতাররা জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ ফ্রিজে কক্সবাজার থেকে ইয়াবা আনা হয়েছিল। ইয়াবাগুলো কেরানীগঞ্জের পানগাঁও জাজিরা এলাকায় যাওয়ার কথা ছিল।  নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মঙ্গলবার দুপুরে শহরের মণ্ডলপাড়া ব্রিজের ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ছোট আকারের ফ্রিজসহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ফ্রিজের ভেতরে ফোমের ভেতরে লুকানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।মো. শাহাদাত হোসেন/এএম/এমএস