দেশজুড়ে

লবণের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন চাষি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন, রহিম উল্লাহ (৫৮), রাশেদুল ইসলাম (৩৫), মুহাম্মদ হোসেন (৪০), তেতু মিয়া (৫৫), আনোয়ার হোসেন (৪০), জাফর আলম (৬০), জালাল আহম (৬৩), বেলাল হোসেন (২৮), ইকবাল হোসেন (৩২) ও আমির হামজা (৩৬)।রোববার দুপুর ১২টার দিকে বড়ঘোপ চরএলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন লিজ দেয়া জমি নিয়ে এ ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মাঝে ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বড়ঘোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. ফরিদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, বড়ঘোপের পশ্চিমচরের পাউবোর প্রায় ৫০ একর জমি লিজ নিয়ে ভোগ করছেন এলাকার অর্ধশতাধিক চাষি। এসব জমি চিংড়ি চাষের কথা বলে জেলা শ্রমিকলীগ নেতা মনোয়ারুল ইসলাম মুকুল কয়েক বছরের জন্য লিজ নেন। কিন্তু কুতুবদিয়ায় কোনো চিংড়ি চাষ হয় না। তাই লিজের মাঠে গিয়ে মুকুল লবণচাষ করতে চেষ্টা চালালে পূর্ব চাষিদের সাথে দ্বন্দ্ব বাধে। এ নিয়ে গত বছরের নভেম্বর মাসেও দুইপক্ষের মারামারির ঘটনা ঘটে। এরপর পূর্ব-দখলদাররা হাইকোর্টে একটি রিট দায়ের করলে তাতে মুকুলের লিজ স্থগিত করে দেয়। এরপরও ক্ষিপ্ত হয়ে রোববার (৫ ফেব্রুয়ারি) মুকুল ২৫-৩০ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী নিয়ে মাঠে কাজ করা চাষিদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। অভিযুক্ত কক্সবাজার জেলা শ্রমিকলীগ যুগ্ম-সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল বলেন, পাউবো মালিকানাধীন ১৬ একর জমি ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের জন্য আমার নামে লিজ দেয়া হয়েছে। কিন্তু সেসব জমি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, আজমগীর মাতবর ও টিপু সোলতানরা তাদের সমর্থকদের দিয়ে দখল করে রাখে। রোববার ওই এলাকায় গেলে তাদের বাহিনী আমাদের ওপর গুলিবর্ষণ করে। আমরা আত্মরক্ষা করে পালিয়ে এসেছি। পরে তারা আমাদের বাড়ি ঘিরে ফেললে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা পৈত্রিকভাবে শতাধিক একর জমির মালিক। আমাদের নামে কোনো খাস জমি লিজ নেই। আর আমাদের কোনো বাহিনীও নেই। এলাকার দরিদ্র ও চাষিদের ভোগদখলের জমি দলীয় প্রভাবে দখলে নিতে চেষ্টা করছে তালিকাভুক্ত রাজাকারের ছেলে মনোয়ারুল ইসলাম মুকুল। কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই জানান, পাউবোর মালিকানাধীন লবণের মাঠে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ দেখে অস্ত্রধারীরা পালিয়ে যায়। জমির দাবিদার দুইপক্ষই সরকারদলীয় সমর্থক। অবৈধ অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।সায়ীদ আলমগীর/এএম/পিআর