দেশজুড়ে

ত্বকীর বাবার বিরুদ্ধে আজমেরী ওসমান সমর্থকদের ঝাড়ু মিছিল

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সমর্থকরা। আজমেরী ওসমানের বিরুদ্ধে ত্বকী হত্যার অভিযোগ করায় তারা এ ঝাড়ু মিছিল করেন।শুক্রবার নারায়ণগঞ্জ শহরে ঝাড়ু মিছিল শেষে চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশে আজমেরী ওসমানের বন্দনা ও রাব্বির কঠোর সমালোচনা করেন বক্তারা।নারায়গঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে ‘রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত সাংসদ আলহাজ নাসিম ওসমানকে নিয়ে কটূক্তি ও ওসমান পরিবারসহ আলহাজ আজমেরী ওসমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা’  শীর্ষক এ কর্মসূচি পালিত হয়।প্রতিবাদ সভায় জেলা যুব সংহতির সভাপতি রাজা হোসেন রাজু বলেন, আমরা আজমীর ওসমানের পক্ষে কথা বললে সন্ত্রাসী হয়ে যাই। আর তারা কটূক্তি করতে করতে কবর থেকে মানুষ তুলে ফেললেও কিছু হয় না। প্রতিবাদ যদি সন্ত্রাস হয় তবে সেই প্রতিবাদী ও প্রতিবাদকে আমরা যুব সমাজ স্যালুট জানাই। আইনগতভাবে যতক্ষণ পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত না হয় তাকে খুনি বলা যায় না। সমাবেশে মাহফুজুর রহমান মানিক, রুহুল আমীন রুহুল, নবী হোসেন নবী, আনোয়ার হোসেন আনু, আফসার উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশের আগে রফিউর রাব্বির প্রতিকৃতিসহ ঝাড়ু মিছিল নিয়ে সারা শহর প্রদক্ষিণ করা হয়।এদিকে, নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে আজেমরী ওসমান জড়িত রয়েছে বলে অভিযোগ করেন ত্বকীর বাবা রফিউর রাব্বী। বুধবার বিকেলে ত্বকী হত্যার বিচারের দাবিতে চাষাড়া শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সেই কর্মসূচিতে এমপি শামীম ওসমানসহ তার ভাতিজা আজমেরী ওসমানকে ত্বকী হত্যায় দায়ী করা হয়। শাহাদাত হোসেন/আরএআর/পিআর