গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের সময় অপহরণকারী গৃহশিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার আলিঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিক্ষার ওই ছাত্রী কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। পরে আহতাবস্থায় ওই স্কুলছাত্রীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্কুলছাত্রী জানিয়েছে, তার স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক মিল্টন বাড়ৈ অলিঠাপাড়া গ্রামের নওশের মুন্সির বাড়িতে ভাড়া থাকেন। নিয়মিত ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়েন ওই ছাত্রী।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রী। পথিমধ্যে তাওহীদ নামে ছাত্রীর এক গৃহশিক্ষক পেছন থেকে তার মুখে কস্টেপ লাগিয়ে ভ্যানে তোলার চেষ্টা করেন।পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা ওই গৃহশিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খোঁজ নিয়ে জানা গেছে, এক বছর আগে তাওহীদ গৃহশিক্ষক হিসেবে ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। এ সময় তিনি ছাত্রীকে প্রেম নিবেদন করেন। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি মা-বাবাকে জানিয়ে দেয় ছাত্রী। পরে মা-বাবা তাকে গৃহশিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাওহীদ এ ঘটনা ঘটিয়েছে বলে ওই ছাত্রী অভিযোগ করেছে।অপহরণকারী তাওহীদ শেখ উপজেলার সিতাইকুন্ড গ্রামের মোতালেব শেখের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের গণিত বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র। কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এসএম হুমায়ূন কবীর/এএম/আরআইপি