দেশজুড়ে

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

যশোরে স্ত্রী হত্যার দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে যশোরের স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। শহিদুল যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের আলী আহম্মদের ছেলে। স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ জানান, মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। শহিদুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।  আদালত সূত্র জানায়, শহিদুল ইসলাম একই গ্রামের মতিয়ার রহমানের মেয়ে মনিরা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর শহিদুল ইসলাম প্রায় তাকে নানা অযুহাতে মারপিট করতেন। ২০০২ সালের ১৩ আগস্ট মনিরা আত্মহত্যা করেছে বলে শহিদুল সংবাদ পাঠায় মনিরার বাবার কাছে। মনিরার বাবা কোতোয়ালি থানায় জানালে পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।পরে মনিরা বেগমের ময়নাতদন্ত রিপোর্টে তাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়। রিপোর্ট পাওয়ার পর ওই বছর ১২ সেপ্টেম্বর এসআই শহীদ আশরাফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকায় স্বামী শহিদুল ইসলামকে অভিযুক্ত করে ৭ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আমান উল্লাহ।    মিলন রহমান/এআরএ/পিআর