মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশকে বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকার সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে এই সংশ্লিষ্ট আইন ও নীতি প্রণয়ন, পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এডুকো নির্মিত শিশুবান্ধব স্কুলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির প্রতিনিধি ও এনজিও কর্মীদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে খবর পেলে আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারি। কিন্তু এখানে থেমে থাকলেই চলবে না। আমাদের সমস্যার মূলে যেতে হবে। দেখতে হবে পরিবারটি কেন তার সন্তানকে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে। দরিদ্রতা ও অশিক্ষাই বাল্যবিবাহের অন্যতম কারন। প্রতিমন্ত্রী দারিদ্র দূরীকরণ ও শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওদের এগিয়ে আসতে আহ্বান জানান। বিদ্যালয় পরিচালনার পরিষদের সভাপতি মনু হিউবার্ড ডোরেসের সভপাতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান প্রমুখ।আব্দুর রহসান আরমান/এআরএ/জেআইএম