দেশজুড়ে

টঙ্গীতে হঠাৎ বাসে আগুন

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে গেলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। টঙ্গী ফায়ার স্টেশনের ওয়ার হাউস পরিদর্শক মো. মোরশেদুল ইসলাম জানান, ঢাকা থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস টঙ্গী কলেজ গেইট এলাকায় পৌঁছালে বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়া দেখে চালক বাসটি থামিয়ে দেয়। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন। পরে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওয়্যারিং ত্রুটি থেকে ওই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে ধারণা তার। আগুনে বাসের অধিকাংশই পুড়ে গেছে। আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম