দেশজুড়ে

কালীগঞ্জে দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান শুরু হয়েছে।দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের দুটি পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এতে ওই দুই ইউনিয়নের প্রায় দুই  সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে  উপজেলার বাহাদুরসাদী, বাশাইর, চর জামালপুর, বারইপাড়া গ্রামে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই চার গ্রামের পাঁচ কিলোমিটার এলাকার দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বেশ কিছু রাইজার ও পাইপ জব্দ করা হয়েছে তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মো. এমদাদ, মো. নুজরুল ইসলাম প্রমুখ।  প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ পর্যায়ক্রমে অভিযান চালিয়ে যাবে। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, তিতাস গ্যাসের অভিযানের খবরে অনেকে স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে।  আব্দুর রহমান আরমান/আরএআর/জেআইএম