নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুপ্তারা এলাকার সাবেদ আলী স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন।বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মিলে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার স্টেশনের ফায়ারম্যান মো. জুয়েল খান জানান, লাক মিয়ার ভাই হক মিয়ার মালিকানাধীন সাবেদ আলী নামক স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে। তাদের দুটি ইউনিট এবং নরসিংদীর মাধবধী স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানায় অতিরিক্ত তুলা রাখায় এবং কারখানার মেশিনের ত্রুতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লেগে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলা সম্ভব হচ্ছে না। স্পিনিং মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এনামুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। তবে অগ্নিকাণ্ডে কারখানার যে পরিমাণ তুলা এবং মেশিন পুড়ে গেছে তাতে আনুমানিক কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভবনা রয়েছে।শাহাদাত হোসেন/এফএ/আরআইপি